ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফেনীর তিনটি আসনে সকাল সাড়ে ৭টা থেকে ভোটাররা লাইন ধরে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী র্যাব, পুলিশ, বিজিবি আনসার সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।
জেলা রিটার্নিং অফিসের তথ্যমতে, ফেনীর তিনটি আসনে সংসদ সদস্য পদে ১৭ দলের ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৪২৮টি কেন্দ্রের মধ্যে ১২৫টি কেন্দ্রকে সাধারণ, ২৪৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ, ৫৩টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।
অবাধ, সুষ্ঠু, সুন্দর পরিবেশে সাধারণ মানুষের ভোট প্রয়োগে সকল ধরনের প্রস্তুতির পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা।
নির্বাচনকে কেন্দ্র করে ১৮ প্লাটুন বিজিবি, ৯ প্লাটুন সেনাবাহিনী, পুলিশের ৫৪টি মোবাইল টিম, পুলিশের ৫টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ৬টি স্ট্রাইকিং ফোর্স, আনসার ১২ প্লাটুন মোতায়েন রয়েছে। এছাড়াও মাঠে দায়িত্ব পালন করছেন ১৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক খবরের কাগজকে জানান, ফেনীর ৩টি সংসদীয় আসনের ৪২৮টি ভোটকেন্দ্রে ভোট দেবেন ১৩ লাখ ৩০ হাজারের বেশি ভোটার। ফেনীতে পোস্টাল ভোটার রেজিস্ট্রেশন করেছে ৪০ হাজার ৮ জন। আজ সকাল আটটা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তোফায়েল আহাম্মদ/অমিয়/