সিরাজগঞ্জে ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা নামে এক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি ) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।
ট্রাকচালক সোহেল বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামি ট্রাকটির সহযোগী ওয়াহাব শেখ মামলা চলার সময় ২০২৩ সালের ১২ মে জেলে মারা যান।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাসের কারণে ২০২১ সালের ২২ জুন লকডাউন চলছিল। এতে যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণীসহ দুজন পুরুষ যাত্রী নিয়ে ট্রাক চালক সোহেল রানা ও সহযোগী ওয়াহাব শেখ বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচক্কর পাড় হলে ওয়াহাব যাত্রীদের জানান, ট্রাকটি নষ্ট হয়ে গেছে, সারতে সময় লাগবে। এ সময় ট্রাকের দুই পুরুষ যাত্রী নেমে গেলেও ওই তরুণী থেকে যান।
পরে সোহেল রানা ও ওয়াহাব তরুণীকে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে ট্রাকে থাকা আরেক যাত্রী ইউনুস আলী তার মোবাইলে এ ঘটনার ভিডিও ধারণ করেন। পরে তিনি ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে, পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাক চালক ও সহযোগীকে গ্রেপ্তার করে এবং ট্রাকটি জব্দ করে।
পরে ভু্ক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করেন। মামলা চলার সময় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আজ (বৃহস্পতিবার) ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত।
সিরাজুল/পপি/