বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রোজারিওকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে সাভার মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আ. ওয়াহাব আসামিকে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।
এর আগে গতকাল রবিবার এই মামলার আরেক আসামি মিঠু বিশ্বাসের দুই দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গত ১৬ অক্টোবর ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে সাভার মডেল থানার ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাসকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ। খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা দোকানির কাছে চাবি রেখে গেছেন।
পরে দোকান থেকে চাবি নিয়ে সে হেঁটে বাসায় ফিরছিলেন। ফেরার পথে সোহেল রোজারিও বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। কিছুদূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয়। এরপর তারা তাকে অনুসরণ করে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন। অন্য দুই আসামি সহযোগিতা করে। এ ঘটনা কাউকে জানালে তরুণীকে হত্যার হুমকি দেয় সোহেল।
জলিল উজ্জ্বল/মাহফুজ