এ সময়ে ছোট পর্দার সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। লাইট, ক্যামেরা ও অ্যাকশনের সঙ্গেই তার নিত্য চলাচল। এবার জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘ বিরতি ভেঙে আবারও চলচ্চিত্রে অভিনয় করছেন।
তানিয়া বৃষ্টি ২০১৫ সালে ‘ঘাসফুল’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এটি নির্মাণ করেছিলেন আকরাম খান। যদিও এই সিনেমাটি তেমন আলোচনায় আসেনি। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। সব সিনেমার কপালে জুটেছে ব্যর্থতা। সবশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তানিয়া অভিনীত সিনেমা ‘গোয়েন্দাগিরি’। মুক্তির দুই-তিন বছর আগে সিনেমাটির শুটিং হয়েছিল। রুপালি পর্দায় সাফল্য না পেয়ে আবারও ফিরে আসেন ছোট পর্দায়।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্যবার তানিয়াকে আবার কবে দেখা যাবে সিনেমায়- প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যদিও তিনি কৌশলে জানিয়েছেন, নাটকের ব্যস্ততার কারণে সিনেমা নিয়ে ভাবছেন না। তবে সিনেমায় ফিরবেন ভালো গল্প ও চরিত্র পেলে। অবশেষে অপেক্ষার পালা শেষে আবারও তানিয়াকে দেখা যাবে রুপালি পর্দায়। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার শুটিং করছেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টি অভিনয় করছেন ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায়। আর এটি নির্মাণ করছেন রায়হান খান।
কোর্টরুম ড্রামার সঙ্গে ক্রাইম থ্রিলারের মিশ্রণে তৈরি হয়েছে এই সিনেমার কাহিনি। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।
চট্টগ্রামে শুরু হয়েছে ‘ট্রাইব্যুনাল’ সিনেমার শুটিং। চলবে আরও কিছুদিন। শুটিংয়ের একটি ছবি শেয়ার করে নির্মাতা রায়হান খান নতুন এই সিনেমার খবর জানান। সেই ছবিতে দেখা যায় একটি টানেলে দাঁড়িয়ে মিলন ভট্টাচার্যের সঙ্গে গভীর কোনো বিষয় নিয়ে আলাপ করছেন আদর আজাদ। তার ঠোঁটে সিগারেট, চেহারায় চিন্তার ভাঁজ। আদরের কাঁধে হাত রেখে কিছু একটা বোঝাতে চাইছেন মিলন।
ক্যাপশনে রায়হান খান লেখেন, ‘এটা কোনো পোস্টার নয়, কিন্তু কিছু একটা হচ্ছে। একটি টানেলের আবছা নীরবতায় দুই ব্যক্তি কথা বলছেন, যে আলাপ তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। যেখানে আদালত নেই, হাতুড়ি নেই, তবু সত্য বিচারাধীন।’
নির্মাতা সিনেমার কথা জানালেও তানিয়া বৃষ্টি এ বিষয়ে রয়েছেন চুপ। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার আগে কিছু বলতে নারাজ এই অভিনেত্রী।
জানা গেছে, ‘ট্রাইব্যুনাল’ নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে। যে গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনে লুকানো রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে। এ বছরেই ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ শেষ করার কথা জানান নির্মাতা রায়হান খান। আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন তিনি।
/এমএস