ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে আচরণ করেছেন তা নিষ্ঠুর, বেপরোয়া এবং প্রতারণামূলক বলে মন্তব্য করেছে ব্রিটিশ দৈনিক দ্য অবজারভার।
দ্য অবজারভার তাদের প্রতিবেদনে লিখেছে, ‘গত শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের আচরণ সাম্প্রতিক দশকগুলোতে মার্কিন কূটনীতির সবচেয়ে নিকৃষ্টতম মুহূর্তগুলোর মধ্যে অন্যতম। ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্টের এই আচরণ ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান বাড়িয়ে দিয়েছে।’
অবজারভারের প্রতিবেদনে ইউরোপীয়দের ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে বলা হয়েছে, ‘প্রথম শিক্ষাটি হলো ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনের শুরু থেকেই এটা স্পষ্ট হয়েছে যে, যুক্তরাষ্ট্রকে বাণিজ্য, গোয়েন্দা এবং নিরাপত্তা অংশীদার হিসেবে আর গণ্য করা যাবে না।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ‘ন্যাটো এবং আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি ওয়াশিংটনের সমর্থনের আর কোনো নিশ্চয়তা নেই। রাশিয়াকে সাহায্য করার মাধ্যমে যারা এরই মধ্যে ইউক্রেনের বাইরে ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের সঙ্গে মিলে ট্রাম্প আজ ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছেন।’
অবজারভার আরও বলেছে, ‘এ সবকিছুর অর্থ হলো ইউরোপীয় রাজধানীগুলোকে কেবল সামরিক বাজেটের ক্ষেত্রেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে তা নয়, একই সঙ্গে জনগণকে এই বার্তা দিতে হবে যে, আমেরিকান সমর্থন ছাড়াই রাশিয়ার সঙ্গে বৃহত্তর সংঘাত এখন আর কল্পনাতীত নয়।’
প্রতিবেদনে ট্রাম্পকে আত্মকেন্দ্রিক আখ্যা দিয়ে বলা হয়েছে, ‘ট্রাম্পের কর্মকাণ্ড আত্মকেন্দ্রিক এবং অনিরাপদ। তবে আমরা যদি হতাশ না হই, তাহলে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারি।’ সূত্র: এএফপি