মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) সকালে একটি গাড়ির নিচে পুঁতে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হলে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ গুরুতর আহত হন এবং পরে মারা যান।
৫৬ বছর বয়সী সারভারভ রুশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন।
তদন্ত কমিটি জানিয়েছে, বিস্ফোরণের পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে—এমন একটি সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।
কমিটির ভাষ্য অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সারভারভ মারা যান। এ ঘটনায় হত্যা ও অবৈধভাবে বিস্ফোরক পাচারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
তদন্তকারীদের মস্কোর দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনের কাছের পার্কিং এলাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি সাদা রঙের গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—দরজাগুলো ছিটকে গেছে, চারপাশে দাঁড়িয়ে থাকা অন্য গাড়িগুলোর মাঝেই এটি পড়ে আছে।
রুশ গণমাধ্যমের তথ্যমতে, সারভারভ ১৯৯০-এর দশক ও ২০০০-এর শুরুর দিকে ওসেটিয়ান–ইঙ্গুশ সংঘাত এবং চেচেন যুদ্ধে অংশ নিয়েছিলেন। পাশাপাশি তিনি ২০১৫-১৬ সালে সিরিয়ায় পরিচালিত রুশ সামরিক অভিযানের নেতৃত্বও দেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সারভারভের মৃত্যুর খবর সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে মস্কোতে একাধিক সামরিক কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্য করে হামলা হয়েছে। ২০২২ সালে সন্দেহভাজন গাড়িবোমা হামলায় নিহত হন কট্টর জাতীয়তাবাদী এক নেতার কন্যা দারিয়া দুগিনা। গত বছরের এপ্রিলে গাড়িবোমা হামলায় নিহত হন জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিক। আর ২০২৪ সালের ডিসেম্বর মাসে দূরনিয়ন্ত্রিতভাবে স্কুটারে লুকানো বিস্ফোরক বিস্ফোরণে মারা যান জেনারেল ইগর কিরিলভ।
পরে ইউক্রেনীয় একটি সূত্র ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছিল, কিরিলভকে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী হত্যা করেছে—তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি কখনো নিশ্চিত করা হয়নি। নীতিগতভাবে ইউক্রেন এ ধরনের লক্ষ্যভিত্তিক হামলার দায় স্বীকার বা দাবি করে না। সূত্র: বিবিসি
মাহফুজ/