মুন্সীগঞ্জ সদর থানার মিরকাদিম পৌরসভার বণিক্যপাড়া এলাকরা সড়কটি এখন বর্ষা ছাড়াই পানিতে তলিয়ে গেছে। কিছুদিন আগে এখানে ড্রেনেজব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু পাশের বিনোদপুর খালের সঙ্গে পানির উচ্চতা মিলিয়ে ড্রেন এবং সড়ক উঁচু না করায় খাল এবং নর্দমার ময়লা পানিতে সড়কটি সয়লাব হয়েছে। খালের পানি সড়কে উঠে আসার অন্যতম কারণ মিরকাদিম পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরি না করার কারণে পৌর এলাকার বাসাবাড়ির সব ধরনের বর্জ্য এখন মানুষ খালে নিক্ষেপ করছে। সে কারণে খাল ভরাট হয়ে পানি উপচে ওপরে উঠে আসছে। আর বণিক্যপাড়া এলাকাটি অধিকতর নিচু হওয়ায় খালের ময়লা পানি এসে মানুষের যাতায়াতের সড়কটি এখন বৃষ্টি ছাড়াই তলিয়ে যাচ্ছে। কিছুদিন আগে বিনোদপুর খালটি সংস্কার করা হলেও অনিয়মের কারণে খালটি পুরোপুরি পরিষ্কার করা হয়নি। ব্যাপক লুটপাট হয়েছে এ খাতে।
তাছাড়া রিকাবীবাজারের খালটির দুই পাড়ে উচ্ছেদ অভিযান করে খনন করা হয়েছে। কিন্তু ধলেশ্বরী নদীর মুখ খনন না করে বরং পাঞ্জাতি রাইস মিলের কাটের পুলটি তুলে দিয়ে সেখানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। তাতেই খালের ভয়াবহ সর্বনাশ করা হয়েছে। এখন আর খাল দিয়ে কোনো পানি প্রবাহিত হতে পারছে না। এতে সরকারের খনন কাজের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলার নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর করার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন। আর বণিক্যপাড়ার অবহেলিত সড়কটি যেন তিনি সরেজমিন এসে ব্যবস্থা গ্রহণ করেন। এটাই এলাকার মানুষের প্রত্যাশা।
হাজি মো. রাসেল ভূঁইয়া
খলিফাবাড়ি, সিপাহিপাড়া, মুন্সীগঞ্জ
[email protected]